×
  • প্রকাশিত : ২০২৬-০৩-১০
  • ৪৯ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা বলেছেন, “সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। আবার সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে। সেই বিচারের রায় জনতার পক্ষেই আসবে ইনশাল্লাহ।”

সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচনে কায়দা করে জামায়াতকে বিরোধীদলে বসানো হচ্ছে।

জামায়াত আমির বলেন, “জামায়াত সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে, তা খুব বড় বিবেচ্য বিষয় নয়। কথা দেব, প্রিয় বাংলাদেশের জনগণের সঙ্গে বেঈমানি করব না। জনগণের সুবিধা, অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। যুবসমাজ সব ক্ষেত্রে সুবিচার চায়। তারা স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, ব্যক্তিপ্রীতি দেখতে চায় না। জামায়াতও তা চায়।”বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির আরও বলেন, “যারা একসঙ্গে মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে কাউকে দেখি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করছে। শিক্ষা কি আদৌ হবে না? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। কিন্তু ইতিহাস বারবার ফিরে আসে। সরকারি দলে যারা আছেন, তারা জামায়াতের শত্রু নন। জামায়াত বিশ্বাস করতে চায়, রাজনীতি কোনো দল বা গোষ্ঠীর জন্য হবে না, রাজনীতি হবে মানুষের জন্য।”

রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সংসদে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। অধিকার বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে, শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। অধিকারকে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাব। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ গড়ে তুলব।”

ইরানের হামলা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়ে তিনি বলেন, “যারা মানবতার ওপর জুলুম করবে, জামায়াত তার বিপক্ষে থাকবে। জামায়াত মানবতার পক্ষে দাঁড়াবে।”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। বক্তৃতা করেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরপ্রতীকসহ ১১ দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat